প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, উপ সহকারী প্রকৌশলী রাশেদুল আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হকসহ ঠাকুরগাঁও জেলা, রুহিয়া উপজেলা এবং সেনুয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পরিষদ চত্বরে একটি গাছে চারা রোপন করেন।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভূল্লী উপজেলা গঠন করায় এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সারসংকটের সমাধান এক প্রকার হয়ে গেছে, খুব দ্রুত আপনারা সার পাবেন।
কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার ১ শত টাকা বলে জানান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৬